জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশের শারীরিক নির্যাতন ও হয়রানির অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। একই সঙ্গে ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
Advertisement
শনিবার এক বিবৃতিতে কোয়াব জানায়, সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে শুক্রবার রাতে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় পুলিশের মুখোমুখি হন নাঈম। অভিযোগ অনুযায়ী, শুরু থেকেই তার সঙ্গে বৈরী আচরণ করা হয়। একপর্যায়ে কথা বলার চেষ্টা করলে তার গলা চেপে ধরা হয় এবং উপস্থিত লোকজন তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পরও মারধর করা হয়।
পরে নাঈমকে খুলশী থানায় নেওয়া হলে সেখানেও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। বিবৃতিতে সংগঠনটি বলেছে, দেশের যেকোনো নাগরিকের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। তারা চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃপক্ষের কাছে নাঈমের ওপর নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রত্যেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ইতোমধ্যে নাঈম হাসানের সঙ্গে কথা বলেছেন। তিনি নাঈমকে জানিয়েছেন, দেশের ক্রিকেটাররা এই ঘটনায় তার পাশে আছেন।
Advertisement
এসকেডি/এএসএম