কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ।
Advertisement
শুক্রবার (১২ জুন) বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে এ খেলা হয়। নাগেশ্বরী থানার পুলিশ সদস্যরা আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন।
শ্বাসরুদ্ধকর এ ম্যাচে ২-১ গোলে আর্জেন্টিনা সমর্থক দলকে হারায় ব্রাজিল সমর্থক পুলিশ দল।
আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। অপরদিকে ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান।
Advertisement
৩০ মিনিটের ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দল ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পরপর দুটি গোল করে এগিয়ে যায় ব্রাজিল সমর্থক দল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। এসময় নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, ‘চলমান বিশ্বকাপকে ঘিরে বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। দেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি হওয়ায় থানার সদস্যরাও দুই দলে বিভক্ত হয়ে এই প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন। মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন পর মাঠে খেলতে পেরে সবাই বেশ আনন্দিত।’
রোকনুজ্জামান মানু/এফএ/এএসএম
Advertisement