আন্তর্জাতিক

মার্কিন হামলায় ভেনেজুয়েলার গ্যাং লিডার ‘নিনো গুয়েরেরো’ নিহত

ভেনেজুয়েলাভিত্তিক কুখ্যাত অপরাধী সংগঠন ‘ট্রেন দে আরাগুয়া’র নেতা হেক্টর রুস্থেনফোর্ড গুয়েরেরো ফ্লোরেসকে লক্ষ্যভিত্তিক হামলায় হত্যা করা হয়েছে। ‘নিনো গুয়েরেরো’ নামে পরিচিত হেক্টরকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তার নির্দেশে ‘দ্রুত ও প্রাণঘাতী’ সামরিক অভিযান চালিয়ে গুয়েরেরোকে হত্যা করেছে ইউএস সাউদার্ন কমান্ড। তিনি ট্রেন দে আরাগুয়াকে ‘পৃথিবীর সবচেয়ে রক্তপিপাসু সন্ত্রাসী সংগঠনগুলোর একটি’ বলে বর্ণনা করেন।

পূর্বসূরি জো বাইডেন-এর সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, বাইডেন প্রশাসনের সীমান্ত নীতির কারণে এই গ্যাং যুক্তরাষ্ট্রে অপরাধ কর্মকাণ্ড চালানোর সুযোগ পেয়েছিল। তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে গ্যাংটির সহিংসতার শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য ‘প্রতিশোধ’ নেওয়া হয়েছে।

ট্রাম্প আরও জানান, অভিযানে ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ছিল এবং বর্তমানে ট্রেন দে আরাগুয়ার জন্য ‘ভেনেজুয়েলা বা অন্য কোথাও আর নিরাপদ আশ্রয় নেই।’

Advertisement

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও অভিযানের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার যৌথভাবে মাদক-সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিকে তুলে ধরে।

নিনো গুয়েরেরো ২০২৩ সালে ভেনেজুয়েলার কুখ্যাত টোকোরন কারাগার থেকে পালিয়ে যান এবং দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড ছিলেন। যুক্তরাষ্ট্র তাকে মাদক পাচার, মানব পাচার, অর্থপাচার ও সন্ত্রাসে সহায়তার অভিযোগে অভিযুক্ত করেছিল।

সূত্র: এনবিসি

কেএম

Advertisement