ফুটবল বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রায় মুখর হয়ে উঠেছে বরিশাল নগরী।
Advertisement
শুক্রবার (১২ জুন) বিকেলে নগরীর বেলস পার্কে পৃথক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে জড়ো হন দুই দলের সমর্থকরা।
এর আগে ও পরে নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেন সমর্থকরা। এসময় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পরে প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। মোটরসাইকেলে জাতীয় পতাকা, দলের পতাকা ও ব্যানার বহন করেন সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা পৃথকভাবে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাগুলো নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলস পার্ক এলাকায় এসে শেষ হয়। এসময় সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
Advertisement
সমর্থকরা বলেন, ফুটবল প্রেম থেকেই তারা এমন আয়োজন করেছেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং সমর্থকদের একত্রিত করতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
তবে শোভাযাত্রার কারণে কিছু এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষও এ আয়োজন উপভোগ করতে দেখা যায়।
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা ঘিরে বরিশালে প্রথমবারের মতো এমন উৎসবমুখর আয়োজন দেখা যায়।
শাওন খান/এফএ/এএসএম
Advertisement