ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে বিশ্বের নানা দেশের সংস্কৃতি ও পরিচয়ের মিলনমেলা দেখা যায়। এবার সেই বিশ্বমঞ্চেই উজ্জ্বলভাবে ধরা দিল বাংলাদেশের নাম। কানাডার টরন্টোতে আয়োজিত ফিফা বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব।
Advertisement
শুক্রবার (১২ জুন) টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে নোরা ফাতেহি ও ফরাসি পপ তারকা ভেজিড্রিমের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন সঞ্জয়। বিশ্বকাপের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে তার উপস্থিতি যেমন দর্শকদের নজর কাড়ে, তেমনি আলোচনার জন্ম দেয় তার পোশাকে ফুটে ওঠা বাংলাদেশের প্রতীকগুলো।
সঞ্জয়ের পোশাকের ডান হাতার অংশে স্থান পেয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার প্রতীক। পারফরম্যান্স চলাকালে একাধিকবার নিজের স্লিভের দিকে আঙুল নির্দেশ করে এসব প্রতীক বিশ্বদর্শকের সামনে তুলে ধরতে দেখা যায় তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও ও ছবি। অনেকেই এটিকে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গর্বের প্রতিনিধিত্ব হিসেবে দেখছেন। বিশেষ করে আন্তর্জাতিক দর্শকের সামনে দেশের জাতীয় পরিচয় তুলে ধরার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।
Advertisement
বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয়, নোরা ফাতেহি ও ভেজিড্রিমের পাশাপাশি পারফর্ম করেন বিশ্বখ্যাত কানাডিয়ান শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলেসিয়া কারা। এছাড়া মঞ্চে গান পরিবেশন করেন জেসি রেয়েজ, ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা এবং উইলিয়াম প্রিন্স।
আরও পড়ুন:শাহরুখ খানের শুটিং সেটে সুমাইয়া শিমুর ক্যারিয়ারের শুরু দেশটায় ভালো থাকার উপায় নেই, বললেন আফজাল হোসেন
বৈচিত্র্যময় শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠান বিশ্বমঞ্চে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে। আর সেই আয়োজনের মধ্যেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আলাদা করে নজর কাড়েন সঞ্জয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতীক তুলে ধরে সঞ্জয় যেন প্রমাণ করলেন-বিশ্বমঞ্চে বাংলাদেশের উপস্থিতিও দিন দিন আরও দৃশ্যমান হয়ে উঠছে।
Advertisement
এমএমএফ