বিনোদন

‘কালা হিরণ’ সিনেমা ঠেকাতে আদালতে সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে নির্মিত বলে অভিযোগ ওঠা ‘কালা হিরণ: দ্য ব্যাটেল ফর লিগ্যাসি’ সিনেমার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন অভিনেতা। ব্যক্তিত্বগত অধিকার (পার্সোনালিটি রাইটস) লঙ্ঘন এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন তিনি।

Advertisement

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সালমান খানের দাবি-সিনেমাটি ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার (কালো হরিণ) শিকার মামলার ঘটনাবলি থেকে অনুপ্রাণিত। যদিও কোথাও তার নাম সরাসরি ব্যবহার করা হয়নি, তবে পোস্টার, প্রচারণামূলক উপকরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাকে সহজেই শনাক্ত করা সম্ভব।

আবেদনে ছবির প্রযোজক অমিত জানি, জানি ফায়ারফক্স ফিল্মস, পরিচালক ভরত শ্রীনাতে, অক্ষয় পান্ডেসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। একই সঙ্গে সিনেমাটির নির্মাণ, প্রচার, বিতরণ, স্ট্রিমিং ও মুক্তি স্থগিতের নির্দেশনা চেয়েছেন অভিনেতা।

সলমনের অভিযোগ, ২০২৬ সালের মে মাসে প্রকাশিত সিনেমার পোস্টারে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যার চেহারা ও স্টাইল তার সঙ্গে মিল রয়েছে। বিশেষ করে চরিত্রটির হাতে থাকা নীল রঙের ব্রেসলেটটি দীর্ঘদিন ধরেই সলমন খানের পরিচিত স্টাইলের অংশ হিসেবে ভক্তদের কাছে সুপরিচিত। তার মতে, এ ধরনের উপস্থাপনা সাধারণ দর্শকদের বিভ্রান্ত করতে পারে।

Advertisement

এছাড়া পোস্টারে চরিত্রটিকে আগ্নেয়াস্ত্র হাতে দেখানো হয়েছে বলেও আপত্তি জানিয়েছেন অভিনেতা। সালমানের দাবি, অস্ত্র আইনের একটি মামলায় তিনি আগেই খালাস পেয়েছেন। ফলে এমন চিত্রায়ণ জনমনে ভুল ধারণা তৈরি করতে পারে এবং তার ভাবমূর্তির ক্ষতি করতে পারে।

পিটিশনে আরও বলা হয়েছে, সিনেমার গল্প এমন কিছু ঘটনার ওপর ভিত্তি করে তৈরি বলে মনে হচ্ছে, যা এখনো আদালতে বিচারাধীন। সালমান খানের মতে, বিচারাধীন বিষয় নিয়ে নির্মিত ও প্রচারিত কনটেন্ট চলমান আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করতে পারে।

অভিনেতার পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, প্রযোজক অমিত জানি বিভিন্ন সাক্ষাৎকার, সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট এবং প্রচারণামূলক কার্যক্রমে সিনেমাটিকে কৃষ্ণসার শিকার মামলা ও গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে ঘিরে তৈরি বিতর্কের সঙ্গে যুক্ত করেছেন। এর মাধ্যমে সলমনের পরিচিতি ও জনপ্রিয়তাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ এপ্রিল নির্মাতাদের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন সলমন খান। সেখানে সিনেমাটির উন্নয়ন, প্রযোজনা ও প্রচার কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছিল। তবে সেই নোটিশের পরও প্রচারণা অব্যাহত থাকায় আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন তিনি।

Advertisement

পিটিশনে আরও অভিযোগ করা হয়েছে, আইনি নোটিশ পাঠানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্ট করা হয়েছে, যেখানে চলমান বিরোধকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এসব পোস্টের কিছু বক্তব্যকে মানহানিকর বলেও উল্লেখ করেছেন অভিনেতা।

সালমান খানের দাবি, সিনেমাটির প্রচারণা তার সুনাম, খ্যাতি এবং দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তির ক্ষতি করছে। পাশাপাশি এটি তার ব্যক্তিত্ব ও প্রচার-অধিকারেরও লঙ্ঘন। উল্লেখ্য, ২০২৫ সালের ১১ নভেম্বর দিল্লি হাইকোর্টের একটি আদেশে সালমানের এই অধিকারকে স্বীকৃতি ও সুরক্ষা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, আলোচনায় রাজি নন রণবীর সিং বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন সঞ্জয় 

এখন ‘কালা হিরণ: দ্য ব্যাটেল ফর লিগ্যাসি’ সিনেমার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলিউড মহল। দিল্লি হাইকোর্টের রায়ের দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।

এমএমএফ