আগামী ১৩ জুন থেকে বৈশাখী টিভির পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গ্রামের নাম সুন্দরপুর’। নাটকটি সপ্তাহে তিন দিন- শনিবার, রবিবার ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে।
Advertisement
নাটকটির কাহিনী রচনা করেছেন মো. শাহাদাৎ হোসেন এবং চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আকাশ রঞ্জন। গ্রামীণ জীবনের পরিবর্তন, সামাজিক সম্পর্কের অবক্ষয় এবং মানবিকতার সংকটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ধারাবাহিক।
নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শফিক খান দিলু, শাকিলা পারভিন, মুকুল সিরাজ, সিদ্দিক মাস্টার, বাদল শহিদ, সাহেলা আক্তার, রূপক রেজা, রাহুল দেবরাজ, সোনিয়া, সাগরিকা সহ আরও অনেকে।
পরিচালক আকাশ রঞ্জন জানিয়েছেন, একসময় সুন্দরপুর গ্রামে মানুষের মধ্যে যে আন্তরিকতা, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা ছিল, সময়ের পরিবর্তনে তা অনেকটাই হারিয়ে গেছে। উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মানসিক পরিবর্তন ঘটেছে আরও দ্রুত।
Advertisement
তিনি বলেন, একসময় গ্রামের খোলা মাঠে ফুটবল, হাডুডু, দাড়িয়াবাঁধা, গোল্লাছুটের মতো খেলা ছিল মানুষের বিনোদনের অংশ। যাত্রাপালা ও সিনেমা ছিল সামাজিক বিনোদনের মাধ্যম। কিন্তু এখন মোবাইল ফোন ও ব্যক্তিকেন্দ্রিক জীবনযাপন মানুষের পারস্পরিক সম্পর্ককে দূরে ঠেলে দিচ্ছে।
নাটকটিতে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের নৈতিক অবক্ষয়, সামাজিক বিচ্ছিন্নতা এবং মানবিক সম্পর্কের সংকট। নির্মাতার মতে, ‘গ্রামের নাম সুন্দরপুর’ শুধু একটি গ্রাম নয়, বরং এটি আজকের সমাজেরই প্রতিচ্ছবি।
এলআইএ
Advertisement