জাতীয়

চট্টগ্রামে গণপিটুনিতে প্রবাসী নিহতের মামলায় গ্রেফতার ১

চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে সেলিম নামে এক প্রবাসী নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

Advertisement

শনিবার (১৩ জুন) র‍্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বিএসআরএম কারখানার সামনে অভিযান চালিয়ে মাইন উদ্দিন (২৮) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি সাতকানিয়া উপজেলার তালগাঁও এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ২৮ মে সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার বাংলাবাজার এলাকায় সেলিম নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এ ঘটনায় নিহত সেলিমের বাবা বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়।

র‍্যাবের ভাষ্য, গ্রেফতার মাইন উদ্দিন ওই মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি। গোপন খবরের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত সেলিম সাতকানিয়া উপজেলার চরতী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর কয়েক মাস আগে দেশে ফেরেন।

Advertisement

এমআরএএইচ/এসএনআর