প্রবাস

‘শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়, তরুণদের দক্ষতা বাড়াতে হবে’

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গবেষক এবং তরুণ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন মুসলিম বিশ্ব লীগের মহাসচিব ও মুসলিম আলেমদের সংগঠনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল-ইসা।

Advertisement

যুবসমাজের ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তরুণদের জ্ঞান, গবেষণা, উদ্ভাবন ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে সমাজ গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ড. আল-ইসা।

তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সমসাময়িক বাস্তবতা, প্রযুক্তিগত পরিবর্তন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন হয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আত্মবিশ্বাস, সহনশীলতা এবং দায়িত্ববোধের গুরুত্বও তিনি তুলে ধরেন।

মতবিনিময় সভায় অংশ নেওয়া শিক্ষার্থী ও গবেষকরা শিক্ষা, সামাজিক সম্প্রীতি, আন্তঃধর্মীয় সংলাপ, নেতৃত্ব বিকাশ এবং তরুণদের অংশগ্রহণ বিষয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

Advertisement

এ সময় ড. আল-ইসা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিশ্বজুড়ে শান্তি, সহাবস্থান ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

আলোচনায় বিশেষভাবে উল্লেখ করা হয় যে, বর্তমান বিশ্বে বিভাজন, সংঘাত ও উগ্রবাদ মোকাবিলায় সচেতন, শিক্ষিত এবং দায়িত্বশীল তরুণ নেতৃত্ব গড়ে তোলা সময়ের অন্যতম দাবি। এ লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র এবং ধর্মীয় নেতৃত্বের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে বলেও মতপ্রকাশ করা হয়।

তৃতীয় আন্তর্জাতিক ধর্মীয় নেতাদের সম্মেলনে বিশ্বের ৩১টি দেশের ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকেরা অংশ নিয়েছেন। সম্মেলনের পাশাপাশি আয়োজিত এ ধরনের মতবিনিময় তরুণদের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের নেতৃত্বের সংযোগ স্থাপন এবং ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

এমআরএম

Advertisement