জাতীয়

রাজধানীর আফতাবনগরে বহুতল ভবন থেকে পড়ে নারী নিহত

রাজধানীর আফতাবনগর এলাকায় বহুতল ভবন থেকে নিচে পড়ে এক নারী নিহত হয়েছেন। স্বজনদের দাবি, মানসিক সমস্যার কারণে তিনি আটতলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

Advertisement

নিহত নারীর নাম মোছা. মনিকা আক্তার (২৭)। শনিবার (১৩ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

মনিকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা সরকারপাড়ার মহির উদ্দিনের মেয়ে। তার স্বামী লিটন মিয়া আফতাবনগরের ই ব্লকের দুই নম্বর সেক্টরের এক নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির কেয়ারটেকার এবং স্ত্রী-সন্তান নিয়ে নিচতলায় বসবাস করতেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, ‘আমরা জানতে পেরেছি, শুক্রবার বিকেলে ভবন থেকে লাফিয়ে পড়েন মনিকা আক্তার। পরে খবর পেয়ে ৩১ নম্বর ভবনটির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করি। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

Advertisement

এসআই ফাতেমা আরও বলেন, ‘পরিবারের কাছ থেকে জানতে পারি, মনিকা মানসিক হতাশা থেকে আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এ বিষয়ে নিহতের বোন মমিনা জানান, মনিকা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। আগের দিন তার স্বামী জমি-সংক্রান্ত কাজে গ্রামের বাড়িতে যান। এ সুযোগে তিনি ভবন থেকে লাফিয়ে পড়েন।

কেএজেডআইএ/একিউএফ/এমএস

Advertisement