বিশ্বকাপে এর আগে মাত্র একবারই ব্রাজিলের মুখোমুখি হয়েছিল মরক্কো। ১৯৯৮ সালে হওয়া বিশ্বকাপের সেই ম্যাচে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।
Advertisement
তবে সবশেষ দেখায় এই ব্রাজিলকেই ২-১ ব্যবধানে হারিয়েছে মরক্কো। ২০২৩ সালে এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারায় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। সেটিই একমাত্র জয় তাদের।
গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা আরও একবার ব্রাজিল বধ করতে চায়। কোচ মোহামেদ ওয়াহবি সাফ জানিয়ে দিলেন, ব্রাজিলকে তারা ভয় পান না।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে মরক্কো কোচ বলেন, ‘অবশ্যই আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে এমন ম্যাচ জেতার জন্য। আমাদের সেই সামর্থ্য আছে এবং আমরা বিশ্বাস করি সেটা পারব। আমরা তাদের সম্মান করি এবং তারা সেটার প্রাপ্য। আমরা বিশেষ কিছু করবো না। আমাদের প্রাথমিক কিছু লক্ষ্য আছে, আমরা জানি কেন আমরা এখানে এসেছি। এটাই আমাদের মাঝে পার্থক্য করে দেবে। আমার দলের ফুটবলাররা বেশ শান্ত এবং আত্মবিশ্বাসী। আমরা এটিকে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচের মতোই খেলবো।’
Advertisement
ব্রাজিল দলও বর্তমান মরক্কো দলকে সম্মান করে বলে মনে করেন এই কোচ। ওয়াহবি বলেন, ‘তারাও আমাদের ভয় পায় না, যেমনটা আমরা তাদের পাচ্ছি না। আমার মনে হয় তারা আমাদের সম্মান করে যেভাবে আমরা করি। আন্তর্জাতিক পর্যায়ে মরক্কো অন্য পর্যায়ে চলে গেছে, যেখানে সবাই আমাদের সমীহ করে। এটা খুব উদ্বেলিত করে আমাদের। আমরা এই ভালোবাসাকে ধরে রাখতে চাই, যাতে আমরা যেই প্রতিযোগিতাতেই অংশ নেই না কেন সবাই যেন আমাদের সম্মান করে।’
আরআর