দেশজুড়ে

গাইবান্ধায় জার্সি-পতাকা নিয়ে সড়কে নামলেন ব্রাজিল সমর্থকরা

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় প্রিয় দলকে সমর্থন জানাতে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি করেছেন গাইবান্ধার ব্রাজিল ফুটবলপ্রেমীরা।

Advertisement

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে এ র‍্যালি বের করা হয়। পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় ‘ব্রাজিল ফ্যান ক্লাব’ এর পূর্ব ঘোষণা অনুযায়ী, দুপুরের পর থেকেই পতাকা হাতে এবং জার্সি পরে মাঠে জড়ো হতে থাকেন সমর্থকরা। পরে সেখান থেকে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ জার্সি, বিশালাকার পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েক শ’ ভক্ত মোটরসাইকেল নিয়ে বের হন। র‍্যালিটি গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সমর্থকদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এ আনন্দ উৎসবে শিশু, কিশোর ও যুবকসহ সব বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন।

র‍্যালিতে অংশ নেওয়া সমর্থকরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রদর্শনের পাশাপাশি এটি নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আকৃষ্ট করার একটি কার্যকর উদ্যোগ। তারা মনে করেন, মাঠের খেলাধুলার চর্চা বাড়লে তরুণদের মাঝে শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও ইতিবাচক চিন্তাধারা গড়ে ওঠে। যা বর্তমান যুবসমাজকে ক্ষতিকর মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

শওকাত নামের এক শিক্ষার্থী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদিন ধরে প্রচারণার পর আজ সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশ নিয়েছেন।

আনোয়ার আল শামীম/কেএইচকে/এমএস