প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনেই জেলায় মোট আট হাজার গাছের চারা রোপণ করা হয় বলে জানিয়েছে প্রশাসন।
Advertisement
শনিবার (১৩ জুন) দুপুরে জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণ এবং শহরের খোয়ারপাড় মোড় থেকে শেরি ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কের দু’পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিমুল, পলাশ, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার গাছের চারা রোপণ করা হয়। একইসঙ্গে শেরপুর জেলার পাঁচটি উপজেলায় একযোগে এ কর্মসূচি শুরু হয়েছে।
জেলা প্রশাসন জানায়, কর্মসূচির প্রথম দিনেই জেলায় মোট আট হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে শেরপুর সদরে দুই হাজার ৬০০, শ্রীবরদীতে তিন হাজার, নকলায় ৪০০, ঝিনাইগাতীতে এক হাজার এবং নালিতাবাড়ীতে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
Advertisement
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। শেরপুরেও এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শেরপুর একটি সমৃদ্ধ জেলা- এখানে গারো পাহাড়, শালবন ও বন্যপ্রাণী আছে। এটি প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। আমরা চাই আরও বেশি বৃক্ষরোপণের মাধ্যমে শেরপুরকে সবুজ ও সমৃদ্ধ করে তুলতে।’
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে এর উদ্বোধন করেছেন এবং শেরপুর জেলা সরাসরি এতে অংশগ্রহণ করেছে। পুরো জুন মাসজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে। এই কর্মসূচির মাধ্যমে শেরপুর জেলাকে আরও সবুজায়ন করা হবে।’
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, ‘সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে এ কর্মসূচির উদ্বোধন করেছেন, আমরাও শেরপুরে তা শুরু করেছি। একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেওয়া এ কর্মসূচি ভবিষ্যতে একটি মাইলফলক হয়ে থাকবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম, বিএনপি নেতা মো. হযরত আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্কাউট সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Advertisement
নাঈম ইসলাম/এফএ/জেআইএম