তথ্যপ্রযুক্তি

ফেসবুক-ইনস্টাগ্রামের তথ্য থাকবে আরও সুরক্ষিত, মেটার নতুন ফিচার

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ দেওয়ার লক্ষ্যেই নতুন পদক্ষেপ নিচ্ছে মেটা। সংস্থাটি তাদের প্রাইভেসি সেটিংসে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার ঘোষণা করেছে, যার ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেটা এআই কনটেন্ট কাস্টমাইজেশনের পদ্ধতিতেও পরিবর্তন দেখা যাবে।

Advertisement

মেটা জানিয়েছে, বর্তমানে থাকা ‘অ্যাক্টিভিটি ফ্রম আদার বিজনেসেস’ অপশনটিকে আরও উন্নত করা হচ্ছে। নতুন ব্যবস্থার মাধ্যমে ইউজ়াররা সহজেই নির্ধারণ করতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ কিংবা অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে পাওয়া তথ্য মেটা কীভাবে ব্যবহার করবে।

একই সঙ্গে ধাপে ধাপে তুলে দেওয়া হবে ‘ইওর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিস’ নামের পুরোনো সেটিং। তার জায়গায় আরও সহজ ও ব্যবহারবান্ধব বিকল্প আনা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন মেটার মালিকানায় নতুন প্রতিষ্ঠান ‘লিমিটলেস’

মেটার দাবি, কোনো ব্যবহারকারীর অনুমতি ছাড়া এই ধরনের তথ্য ব্যবহার করা হবে না। অনুমতি দেওয়া হলে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেটা এআই সেই ডাটা বিশ্লেষণ করে আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা দিতে পারবে। এমনকি নিউজ ফিডেও তার প্রভাব দেখা যাবে।

Advertisement

ধরা যাক, কোনো ব্যক্তি সম্প্রতি অনলাইনে খেলাধুলার সরঞ্জাম, ভ্রমণ প্যাকেজ বা নির্দিষ্ট কোনো পণ্যের খোঁজ করেছেন। সে ক্ষেত্রে তার ফেসবুক বা ইনস্টাগ্রাম সেই বিষয়ক পোস্ট, ভিডিও কিংবা রিলস বেশি দেখানো হতে পারে। পাশাপাশি মেটা এআই-ও তার আগ্রহ ও অভ্যাস অনুযায়ী আরও প্রাসঙ্গিক উত্তর ও পরামর্শ দিতে সক্ষম হবে।

অন্যদিকে, যারা এই তথ্য ব্যবহারের অনুমতি দেবেন না, তাদের ক্ষেত্রে কনটেন্ট সাজানো হবে মূলত ফেসবুক বা ইনস্টাগ্রামে তাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং অন্যান্য কার্যকলাপের ভিত্তিতে।

আরও পড়ুন এআই খাতে আরও জোর দিচ্ছে মেটা, পুনর্বিন্যাস হচ্ছে ৭ হাজার কর্মী কোন কোন দেশে শুরু হচ্ছে এই আপডেট?

মেটা জানিয়েছে, নতুন এই ফিচার প্রথমে যুক্তরাষ্ট্রে চালু করা হবে। এরপর ধাপে ধাপে ব্রাজিল, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, নাইজেরিয়া এবং কেনিয়াসহ আরও কয়েকটি দেশে তা সম্প্রসারণ করা হবে।

সংস্থার মতে, এই পরিবর্তনের ফলে ইউজ়াররা আরও উন্নত ও ব্যক্তিগতকৃত ডিজিটাল অভিজ্ঞতা পাবেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, মেটা-নির্ভর ডেটা বিশ্লেষণের যুগে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাই মেটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Advertisement

কেএসকে