‘হয় কাজ করবেন, না হয় চলে যাবেন। আমাদের বিব্রত করে লাভ নেই। গত তিন মাসে সাত থেকে আটবার হাসপাতালে এসেছি। কিন্তু একদিনও আপনাকে কর্মস্থলে পাইনি। দায়িত্ব পালন করতে না চাইলে চলে যান।’
Advertisement
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে মোবাইল ফোনে এভাবেই হুঁশিয়ারি দিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শনিবার (১৩ জুন) দুপুরে প্রতিমন্ত্রী নিজের নির্বাচনি এলাকা মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি, হাসপাতালের মূল ফটক তালাবদ্ধ থাকা এবং হাজিরা খাতায় বিভিন্ন অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী হাসপাতালের মূল ফটক বন্ধ দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দায়িত্বরত চিকিৎসকদের একটি বড় অংশকে কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। এসময় তিনি চিকিৎসকদের হাজিরা রেজিস্ট্রার পর্যালোচনা করেন। পর্যালোচনায় স্বাক্ষর ও উপস্থিতি সংক্রান্ত বিভিন্ন অসংগতি ও অনিয়ম ধরা পড়ে বলে জানা যায়।
Advertisement
এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। হাসপাতালের সার্বিক পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে তিনি দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন।
এসময় চিকিৎসাসেবায় অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী হাসপাতালের প্রশাসনিক অব্যবস্থাপনা দূর করতে মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি জরুরি পর্যালোচনা সভা আহ্বান করার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাওন খান/এফএ/জেআইএম
Advertisement