দেশজুড়ে

শ্যালিকাকে অপহরণের অভিযোগে কনস্টেবল বরখাস্ত

বগুড়া জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে ১২ বছর বয়সি শ্যালিকাকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর পলাতক থাকায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ।

Advertisement

অপহৃত কিশোরীর বড় বোন ও কনস্টেবল সুমন রেজার স্ত্রী লাবণ্য আক্তার বাদী হয়ে শুক্রবার (১২ জুন) বগুড়ার শাজাহানপুর থানায় এ মামলা করেন।

রোববার (১৪ জুন) মামলার বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।

জানা গেছে, গত ৭ জুন বিকাল ৩টার দিকে কনস্টেবল সুমন রেজার শ্যালিকা বাসা থেকে প্রাইভেট পড়তে যায়। এরপর সে বাড়িতে ফিরেনি। পরদিন ৮ জুন পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় একটি জিডি করা হয়।

Advertisement

পরবর্তীতে জানা যায়, প্রাইভেট পড়তে যাওয়ার পথে সুমন রেজা মোটরসাইকেলে করে ওই কিশোরীকে অপহরণ করেন। ঘটনার পর থেকেই কনস্টেবল ও ওই কিশোরী নিখোঁজ রয়েছেন।

পুলিশের একটি সূত্র জানায়, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে এর আগেও নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বলেন, ‘কনস্টেবল সুমন রেজা বর্তমানে পলাতক রয়েছেন। শ্যালিকাকে অপহরণের অভিযোগে মামলা হওয়ায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে গ্রেফতার ও নিখোঁজ কিশোরীকে উদ্ধারে অভিযান চলছে।’

এএইচ/এমএস

Advertisement