মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবের শহিদ নেতার রচনা সংরক্ষণ ও প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত কার্যালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে প্রেস টিভি।
Advertisement
কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শহিদ নেতার মরদেহের প্রতি শ্রদ্ধা ও শেষ বিদায় জানানোর অনুষ্ঠান ৪ ও ৫ জুলাই (মহাররমের ১৯ ও ২০ তারিখ) ইমাম খোমিনি মোসাল্লায় অনুষ্ঠিত হবে। ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই পবিত্র শহর কোম-এ জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সর্বশেষ জানাজা অনুষ্ঠান ৯ জুলাই মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহিদ আয়াতুল্লাহ আলি খামিনিকে ইমাম রেজা মাজারে দাফন করা হবে। দ্বাদশবাদী শিয়া মুসলমানদের বারো ইমামের অন্তর্ভুক্ত অষ্টম ইমাম ছিলেন আলি রেজা। মাজার শরীফের ভবনটিতে একটি জাদুঘর এবং সমাধি ক্ষেত্র রয়েছে। ইরানের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে ইমাম রেজার মাজার ভবনটি অন্যতম।
সাধারণ জনগণ, বিশ্বের মুক্তিকামী মানুষ, ইসলামের অনুসারী এবং ইরান প্রেমীদের এ অনুষ্ঠানে অংশ নিয়ে শহিদ নেতাকে শেষ বিদায় জানানোর আহ্বান জানানো হয়েছে। শেষ বিদায়ের অনুষ্ঠানে নজিরবিহীন জনসমাগম হবে আশা করছেন ইরানের আয়োজকরা।
Advertisement
অনুষ্ঠানগুলোর আরও বিস্তারিত পরে জানানো হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশকিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন। ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে ইরানে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হন, যার মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।
কেএম
Advertisement