আন্তর্জাতিক

মোদী এখন ফ্রান্সে: ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বুধবার

ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার (১৬ জুন) বৈঠকে বসবেন জি-৭ সদস্য দেশের প্রধানরা।

Advertisement

শনিবার (১৩ জুন) হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য স্টেটসম্যান।

প্রতিবেদনের তথ্য মতে, বুধবার (১৭ জুন) দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহে ভারতের ট্যাংকারে মার্কিন হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিক নিহত হবার ঘটনায় দুই দেশের সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মার্কিন হামলার বিরুদ্ধে ভারতের ‘কঠোর প্রতিবাদ’ পুনর্ব্যক্ত করেছেন।

Advertisement

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে সরকারি সফরে ফ্রান্সের নিস শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১৪ জুন) নিসে মোদি ও ম্যাক্রোঁর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই নেতা ভারত-ফ্রান্স সম্পর্কের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করবেন।

এক্স-এ দেওয়া এক বার্তায় মোদি বলেন, আমি মাত্র নিসে পৌঁছেছি। নিসের পাশাপাশি এই ফ্রান্স সফরে এভিয়ান ও প্যারিসেও কর্মসূচি রয়েছে। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকের মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করাই এই সফরের লক্ষ্য।

তিনি আরও বলেন, আগামীকাল প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ এবং ‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানে অংশগ্রহণের অপেক্ষায় আছি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারা যৌথভাবে এ অনুষ্ঠানের উদ্‌বোধন করবেন। এতে ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষ স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল তহবিল অংশ নেবে। ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ’ উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠান দুই দেশের শক্তিশালী উদ্ভাবনী অংশীদারিত্বকে আরও এগিয়ে নেবে।

Advertisement

ফ্রান্স সফর শেষে প্রধানমন্ত্রী মোদি স্লোভাকিয়া সফরে যাবেন। ১৯৯৩ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফরে যাচ্ছেন।

কেএম