মাদারীপুরের কালকিনি উপজেলার স্নানঘাটা গ্রামে সামাজিক ও মানবিক সংগঠন আলোর পথের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ১২৮ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
Advertisement
চিকিৎসাসেবা দেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের বক্ষব্যাধি, অ্যাজমা, এলার্জি ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. রেজাউল হক। তার ব্যক্তিগত উদ্যোগ, পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডা. রেজাউল হক বলেন, ‘মানুষের সেবা করার সুযোগ পাওয়া চিকিৎসকের জন্য সৌভাগ্যের। গ্রামের অনেক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। সেই বাস্তবতা বিবেচনা করেই আলোর পথ সংগঠনের মাধ্যমে এ ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। একজন চিকিৎসক এবং এ গ্রামের সন্তান হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি।’
আরও পড়ুন সিরাক বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনসম্প্রতি নিজের মাকে হারিয়েছেন ডা. রেজাউল হক। এর আগে অল্প সময়ের ব্যবধানে হারিয়েছেন বাবাকেও। ব্যক্তিগত জীবনের এমন গভীর শোকের মধ্যেও গ্রামের মানুষের কল্যাণে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়।
Advertisement
চিকিৎসাসেবা গ্রহণকারীরা এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিনা মূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা পাওয়ায় আমরা অত্যন্ত উপকৃত হয়েছি। এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানাচ্ছি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি সংগঠনের মানবসেবামূলক কার্যক্রমের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে বৃহত্তর পরিসরে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন সমাজ উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে।
এসইউ
Advertisement