বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশের (বিটিএসবি) উদ্যোগে রোববার (১৪ জুন) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
Advertisement
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দেশে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানবজীবন রক্ষায় রক্তদানের কোনো বিকল্প নেই। সুস্থ ও যোগ্য প্রত্যেক নাগরিকের উচিত নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা। তিনি সবাইকে রক্তদানে উৎসাহিত করার জন্য সামাজিক সচেতনতা বাড়ানোরও আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্য বক্তারা নিরাপদ রক্ত পরিসঞ্চালন নিশ্চিত করা এবং স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরে নিয়মিত কর্মসূচি গ্রহণের তাগিদ দেন। একই সঙ্গে রক্তদানকে একটি শক্তিশালী সামাজিক আন্দোলনে পরিণত করার জন্য সবার প্রতি জোর আহ্বান জানান।
Advertisement
বিটিএসবির অর্গানাইজিং সেক্রেটারি এবং বিএমইউয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খান আনিসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া বিটিএসবি সভাপতি অধ্যাপক ডা. ফারহানা ইসলাম, মহাসচিব ডা. খায়রুল ইসলাম, ট্রেজারার ডা. মো. ওয়াসিম, বিএমইউয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ও চিকিৎসকরা স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশ নেন।
এসইউজে/এমকেআর
Advertisement