ফ্রান্সের আশ্রয় ব্যবস্থার নিয়মকানুন আরও সহজ ও আধুনিক করতে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির আশ্রয় বিষয়ক সুরক্ষা দপ্তর (অফপ্রা)।
Advertisement
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন মাইগ্রেশন ও অ্যাসাইলাম প্যাক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রথম একটি ‘একক ফরম’ ও ‘রং ভিত্তিক’ আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। শুক্রবার (১২ জুন) থেকে ফ্রান্সের প্রেফেকচুরগুলোতে এই নতুন ফরম বিতরণ শুরু হয়েছে।
অফপ্রা জানিয়েছে, এই নতুন পদক্ষেপের ফলে আবেদনকারীদের ভোগান্তি ও ভুল ফরম পাওয়ার ঝুঁকি যেমন কমবে, তেমনি গতি আসবে পুরো প্রক্রিয়ায়।
এতদিন ফ্রান্সে আশ্রয় আবেদনের জন্য আলাদা তিনটি ফরম পূরণ করতে হতো। এর মধ্যে ছিল- প্রথমবারের আবেদন, পুনর্বিবেচনা বা রিএক্সামা আবেদন এবং ফ্রান্সে জন্ম নেওয়া বা পরবর্তীতে যোগ দেওয়া অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আবেদন। নতুন নিয়ম অনুযায়ী, এই তিনটি ক্ষেত্রকে একত্রিত করে একটি মাত্র ‘একক ফরম’ তৈরি করা হয়েছে।
Advertisement
আবেদনকারীরা যেন সহজে নিজেদের প্রয়োজনীয় অংশ খুঁজে পান, সেজন্য ফরমে রঙের বিভাজন করা হয়েছে।
গোলাপি রঙ: প্রাপ্তবয়স্কদের প্রাথমিক আবেদন এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আবেদনের জন্য।
কমলা রঙ: পুনর্বিবেচনা বা পরবর্তী (রিএক্সামা) আবেদনের জন্য।
এর ফলে আশ্রয়প্রার্থীদের পুরো ফরম নিয়ে বিভ্রান্ত হতে হবে না; তারা শুধু তাদের পরিস্থিতির সঙ্গে মিল থাকা রঙের অংশটির প্রশ্ন ও ঘর পূরণ করবেন। এছাড়া, আগের পুনর্বিবেচনা ফরমে ব্যক্তিগত তথ্য পরিবর্তনের যে ঘাটতি ছিল, নতুন ফরমে তাও সংশোধন করা হয়েছে।
Advertisement
ইইউ-এর নতুন মাইগ্রেশন প্যাক্ট অনুযায়ী, ফ্রান্সে জমা পড়া আশ্রয় আবেদনগুলোর তথ্য এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে জোটের ২৭টি সদস্য রাষ্ট্রের কাছে চলে যাবে। এজন্য আবেদনকারীর আলাদা কোনো সম্মতির প্রয়োজন হবে না। তবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের দপ্তরে (ইউএনএইচসিআর) ফাইল পাঠানোর ক্ষেত্রে আগের মতোই আবেদনকারীর অনুমতি নেওয়া হবে।
নতুন নিয়মে আশ্রয়প্রার্থীদের জন্য বড় একটি স্বস্তির খবর দিয়েছে অফপ্রা। ২০২৬ সালের ১ মার্চ থেকে কার্যকর হওয়া নিয়ম স্মরণ করিয়ে দিয়ে সংস্থাটি জানায়, এখন থেকে আশ্রয়প্রার্থীদের মূল পাসপোর্ট বা অন্যান্য সরকারি নথি আর অফপ্রার কাছে জমা রাখতে হবে না।
আবেদনকারীরা সাক্ষাৎকারের সময় তাদের মূল কাগজপত্র সাথে নিয়ে আসবেন। অফপ্রা কর্তৃপক্ষ সেগুলো কেবল সত্যতা যাচাই (ভেরিফাই) করবে এবং সাক্ষাৎকার শেষেই মূল নথিগুলো আবেদনকারীকে ফেরত দিয়ে দেবে।
এমআরএম