আন্তর্জাতিক

আমেরিকা-ইরান চুক্তিকে স্বাগত জানালেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

সংঘাত নিরসনে আমেরিকা-ইরানের ঘোষিত চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আলোকে সব বিরোধের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মুখপাত্র লা নেইস কলিন্সের বরাত দিয়ে সোমবার (১৫ জুন) এ তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ)।

আরও পড়ুন যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বিশ্বজুড়ে স্বস্তি, প্রশংসায় ভাসছে পাকিস্তান

এক সংবাদ সম্মেলনে আনালেনা বেয়ারবকের মুখপাত্র লা নেইস কলিন্স বলেন, জাতিসংঘ মহাসচিবের বক্তব্য পুনর্ব্যক্ত করে আমেরিকা-ইরানের ঘোষিত চুক্তিকে স্বাগত জানিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী সংঘাত শেষে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান। হরমুজ প্রণালি ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংঘাতে হাজার হাজার বেসামরিক মানুষ আহত হয়েছেন, ধ্বংস হয়েছে বেসামরিক অবকাঠামো। আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়ার সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে।

Advertisement

কলিন্স আরও বলেন, সংঘাত নিরসনে আমেরিকা-ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানিয়েছেন বেয়ারবক। পূর্ণভাবে যুদ্ধবিরতি মেনে চলতে সব পক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি। এর মধ্যে লেবাননে যুদ্ধবিরতির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আলোকে সব বিরোধের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন জানালো পাকিস্তান / যুদ্ধ বন্ধে একমত আমেরিকা-ইরান, চুক্তি সই শুক্রবার যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানালো বাংলাদেশ

তিনি বলেন, এটিই একমাত্র উপায় যা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনতে পারে। এই অঞ্চলের সব দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং নিরীহ মানুষের কষ্টের অবসান ঘটাতে পারে।

এর আগে, রোববার (১৪ জুন) রাতে ওয়াশিংটন ও তেহরান ঘোষণা দেয় যে, পাকিস্তানের মধ্যস্থতায় সামরিক অভিযান বন্ধের বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি হয়েছে। এর মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত। পাশাপাশি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও ইরানের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়ও রয়েছে। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে চুক্তিটি সই হওয়ার কথা।

সূত্র: আনাদোলু এজেন্সি (এএ)

Advertisement

এমএমকে