জাতীয়

কৃষক উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক, খামারি ও উৎপাদকের কল্যাণ নিশ্চিত করা। শুধু বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণ নয়, বরং বাস্তব উপকারভোগীদের জীবনমান উন্নয়ন এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এমনটি না হলে কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

Advertisement

মঙ্গলবার (১৬ জুন) সাভারে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের প্রধান শর্ত হলো উৎপাদকের ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষক যদি তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পান, তাহলে কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, দেশে উৎপাদন ও বাজারের চাহিদার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব রয়েছে। উৎপাদক অনেক সময় জানেন না কোথায় কী পরিমাণ চাহিদা রয়েছে, আবার ভোক্তার কাছেও উৎপাদিত পণ্য সময়মতো পৌঁছায় না। এর ফলে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও কৃষক ও খামারিরা বঞ্চিত হন। এ ব্যবধান কমিয়ে উৎপাদক ও বাজারের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সরকার কাজ করবে।

Advertisement

গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের জন্য গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গবেষণা ছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন সম্ভব নয়। এ কারণে সরকার ভবিষ্যতে কৃষি ও প্রাণিসম্পদ খাতে গবেষণা কার্যক্রমে আরও বেশি বিনিয়োগ করবে।

দেশে উৎপাদিত ভ্যাকসিনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যেসব ভ্যাকসিন দেশে উৎপাদন সম্ভব, সেগুলোর ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা হবে। আত্মনির্ভরশীলতা অর্জনই সরকারের অন্যতম লক্ষ্য।

মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকল্প সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পের সুফল যেন সরাসরি জনগণের কাছে পৌঁছে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ের বাস্তব সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান দিতে পারলেই দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাত আরও এগিয়ে যাবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

Advertisement

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাহী পরিচালক ড. শাহীন আরা বেগম, পিএএ। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর প্রকল্প পরিচালক ড. মো. মোস্তফা কামাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এর আগে মন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় নির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মিল্ক ভিটার ঊর্ধ্বতন কর্মকর্তারা, দুগ্ধ প্রসেসরের প্রতিনিধিরা, ডেইরি হাবের প্রতিনিধিরা, পিজি খামারিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এনএইচ/এএমএ