ফুটবলপ্রেমী হিসেবে বরাবরই পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে এবার নিজের পছন্দের দল আর্জেন্টিনা ও অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।
Advertisement
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে মনির খান জানিয়েছেন, কিশোর বয়সে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখেই আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠেছিলেন তিনি। সেই ভালোবাসা আজও অটুট।
স্ট্যাটাসে মনির খান লেখেছেন, ‘কিশোর বয়সে ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার প্রেমে পড়েছিলাম। এক যুগেরও বেশি সময় লিওনেল মেসি শৈল্পিক ফুটবলের জাদুতে বিশ্ববাসীকে বিমোহিত করে রেখেছে।’
মেসির খেলা সরাসরি মাঠে বসে দেখার স্মৃতিও ভাগ করে নিয়েছেন এই শিল্পী। তিনি জানান, ২০২২ সালের কাতার বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামে বসে আর্জেন্টাইন অধিনায়কের খেলা উপভোগ করার সুযোগ হয়েছিল তার।
Advertisement
মনির খান লেখেন, ‘গত বিশ্বকাপে কাতারের লুসাইল স্টেডিয়ামে মেসির খেলা মাঠে বসে দেখার সৌভাগ্য হয়েছিল আমার।’
আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। মনির খানের বিশ্বাস, এটি হয়তো মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। তবে এই আসরেও আর্জেন্টিনাকে সাফল্যের পথে এগিয়ে নিতে পারবেন বিশ্বজয়ী এই ফুটবল তারকা।
তিনি বলেন, ‘এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ। আমি আশাবাদী, মেসি নান্দনিক ফুটবলের মাধ্যমে নৈপুণ্য প্রদর্শন করে আর্জেন্টিনাকে জয়ের বন্দরে পৌঁছে দেবেন।’
মনির খানের এই স্ট্যাটাস প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই মন্তব্যের ঘরে আর্জেন্টিনা ও মেসির প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন। কেউ কেউ আবার বিশ্বকাপ মঞ্চে মেসির আরেকটি স্মরণীয় পারফরম্যান্স দেখার আশাও ব্যক্ত করেন।
Advertisement
ফুটবলপ্রেমী হিসেবে মনির খানের অবস্থান নতুন নয়। বিভিন্ন সময়ই প্রিয় দল ও খেলোয়াড়দের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করতে দেখা গেছে তাকে। এবার মেসিকে নিয়ে তার আবেগঘন বার্তাও ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক।
আরও পড়ুন:৩১ বছর পর আধুনিক গানে নতুন চমক ফেরদৌস আরার স্কুলের গণ্ডি পেরোতে না পারলেও সিনেমার রানি শাবানা
অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশকিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিচ্ছেন এই শিল্পী।
এমএমএফ