খেলাধুলা

মেসিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই আলজেরিয়া কোচের

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আলজেরিয়ার জয় পাওয়াটা সহজ হবে না বলে মানেন দেশটির কোচ পেতকোভিচ। এছাড়া মেসিকে নিয়েও আলাদা কোন পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

Advertisement

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে আলবিসেলেস্তের তুরুপের তাস মেসির প্রতি তিনি বিশেষ মনোযোগ দেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ স্পষ্ট করে আশ্বস্ত করেন, মেসিকে থামানোর দিকে মনোযোগ না দিয়ে তিনি তার দলকে নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করবেন।

তিনি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সাথে তার পূর্বের সাক্ষাতের কথা উল্লেখ করার পর স্বীকার করেন, লিওনেল মেসিকে থামানোর জন্য তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই।

এ ব্যাপারে আলজেরিয়া কোচ বলেন, ‘কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে আমার কখনোই কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না এবং এমনটা হবেও না। দলের সবার একসঙ্গে কাজ করা এবং একে অপরকে সাহায্য করাটা জরুরি। গোল না খেয়ে খেলা চালিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি ভিন্ন কিছু করার চেষ্টা করছি, নিজের দলকে নিয়ে আধিপত্য বিস্তার করতে চাই। কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে আমার কখনোই কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না এবং এবারও তেমনটা হবে না।’

Advertisement

আলজেরিয়ান কোচ স্পষ্টভাবেই নিজেদের এই ম্যাচে তারা যে ফেভারিট নয় তাও স্বীকার করেন। তিনি অঘটন ঘটানোর আশা হিসেবে বিশ্বকাপে এখন পর্যন্ত ঘটে যাওয়া চমকগুলোর ওপর ভরসা রেখেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা যে দল নিয়ে কাজ করছি তারা খুব ভালো করেছে এবং আমরা প্রস্তুত। আমরা জেতার জন্য ফেভারিট নই কিন্তু এখন পর্যন্ত যা দেখেছি তা থেকে বোঝা যায় যে ভিন্ন কিছুই ঘটতে পারে।’

এদিকে, পেতকোভিচ একটি বিশেষ মুহূর্তের সাক্ষী হন যখন সংবাদ সম্মেলনের মাঝে তার সাথে স্কালোনির দেখা হয়ে যায়, যাকে তিনি আগে ইতালির ক্লাব লাৎসিওতে কোচিং করিয়েছিলেন। ২০২২ বিশ্বকাপজয়ী এবং দুইবারের কোপা আমেরিকা বিজয়ী স্কালোনির প্রশংসায় বসনীয় এই কোচ বলেন, ‘তার সাথে আবার দেখা হওয়াটা দারুণ আনন্দের। কারণ শেষবার আমাদের একসাথে দেখা হয়েছিল ওয়াশিংটনে। লিও-র সাথে আমার চমৎকার সম্পর্ক রয়েছে এবং আমি আশা করি তা বজায় থাকবে।’

আলজেরিয়া ও আর্জেন্টিনার মধ্যকার আসন্ন ম্যাচটি প্রসঙ্গে স্কালোনির একটি বিষয়ের সঙ্গে একমত হওয়ার কথা স্বীকার করেছেন পেতকোভিচ। তিনি বলেছেন, ‘আমি লিওনেল স্কালোনির মতোই বিষয়টি দেখি। আমি মনে করি না এটিই শেষ ম্যাচ হবে আমাদের। তবে এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করতে পারি। এরপরের ম্যাচগুলো তো আছেই। অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে ম্যাচগুলোও গুরুত্বপূর্ণ। মূল কথা হলো, একবারে একটি করে ম্যাচ নিয়ে ভাবা।’

আর্জেন্টিনা ও আলজেরিয়া বুধবার কানসাস সিটিতে বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে। এটি শুধু বিশ্বকাপেই নয়, গ্রুপ ‘জে’-তেও উভয় দলের প্রথম ম্যাচ হবে। এই গ্রুপে আরও রয়েছে অস্ট্রিয়া ও জর্ডান যারা বুধবার ফ্রান্সিসকোতে একে অপরের মুখোমুখি হবে।

Advertisement

আরআর/আইএইচএস/