মাগুরার মহম্মদপুরে অবৈধভাবে মধুমতি নদী থেকে বালু উত্তোলনের দায়ে খন্দকার মামুন অর রশিদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার শিরগ্রাম এলাকার পূর্ব পাশে মধুমতি নদীর করিমের ঘাটে তিনি ড্রেজার (গেলবট) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিরগ্রাম খেওয়া ঘাট এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় মামুন অর রশিদকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আদনান আকিব বলেন, শিরগ্রাম খেওয়া ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর/জেআইএম