মার্কিন দূতাবাস থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতার মুখে পড়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। এতে তার যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা বাতিল করতে হয়েছে। সপরিবারে এক ব্যবসায়ী বন্ধুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। ইসরায়েলি কয়েকটি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
Advertisement
প্রথমে চ্যানেল ১২ নিউজ এবং পরে হারেৎজ জানায়, কট্টর ডানপন্থি এই মন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সফরটির অর্থায়ন করার কথা ছিল মায়ামিতে বসবাসরত ধনী ইসরায়েলি ব্যবসায়ী ইয়াকুব এলহারারের। হারেৎজ জানায়, বেন-গভির যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন ব্যবসায়ী ইয়াকভ এলহারারের মেয়ের বিয়েতে অংশ নিতে।
প্রতিবেদন অনুযায়ী, ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে বেন-গাভিরকে গত সোমবার মার্কিন দূতাবাসে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়ার জন্য উপস্থিত হতে বলা হয়েছিল। এর পরপরই তিনি সফরটি বাতিল করার সিদ্ধান্ত নেন। প্রস্তাবিত সফর প্যাকেজে বেন-গাভির, তার স্ত্রী ও সন্তানদের বিমানভাড়া এবং আবাসনের খরচ অন্তর্ভুক্ত ছিল। এর মূল্য কয়েক দশ হাজার শেকেল হতে পারে বলে ধারণা করা হয়।
তবে, বেন-গভির বা মার্কিন কর্তৃপক্ষ কেউই প্রকাশ্যে স্পষ্ট করেননি যে সফর বাতিলের সঙ্গে ভিসা-সংক্রান্ত জটিলতার সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না।
Advertisement
গাজায় গণহত্যা চালানো এবং ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড বিল এনে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত হয়েছেন কট্টর ডানপন্থী ইহুদী নেতা বেন-গাভির। তার বিভিন্ন নীতি ও বক্তব্যের কারণে তিনি দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরোধী রাজনীতিক, মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে রয়েছেন।
কেএম