দেশজুড়ে

বিএনপি নেতার মুক্তি উদযাপনে ভিড়, কারাফটকেই প্রাণ গেল কর্মীর

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে ফুল দিয়ে বরণ করতে গিয়ে অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে মিঠু আলী (৫০) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। তবে তার নাম- পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

বুধবার (১৭ জুন) বিকেলে জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিঠু আলী গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গত ৯ মে নাচোল থানার এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় জেলার গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। বুধবার তিনি জামিনে মুক্তি পান। তার মুক্তির খবরে বিকেল থেকেই জেলা কারাগারের সামনে শত শত নেতাকর্মী জড়ো হন।

কারাগার থেকে বের হওয়ার পর ফুলের মালা দিয়ে রায়হানকে বরণ করে নেন নেতাকর্মীরা। এসময় স্লোগান ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। পরে কয়েকশ মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র‍্যালিও বের করা হয়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, কারাফটকের সামনে অতিরিক্ত ভিড়ের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠু আলী। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরম ও মানুষের চাপে তিনি শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রাসেল টুডু জানান, সন্ধ্যায় মিঠু আলীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Advertisement

এর আগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি পেট্রলপাম্পে ইঞ্জিন অয়েল নিতে গিয়ে পুলিশের এক কনস্টেবলকে মারধর করেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের ছেলে রায়হান। পরে মারধরের শিকার কনস্টেবল মো. শওকত বাদী হয়ে মামলা করেন। ৯ মে আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয় রায়হানকে।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম