মাগুরায় জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ২০০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারের চূড়ায় উঠে আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা টাঙিয়েছেন আলামিন নামে এক ভক্ত।
Advertisement
বৃহস্পতিবার (১৮ জুন) মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে আলামিনের বাড়ির সামনে টাওয়ারে পতাকা টাঙিয়ে জেলায় আলোচনায় এসেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুখালী বাজারের দক্ষিণ পাশে নবাব আলীর বাড়ি সংলগ্ন বাংলালিংকের একটি টাওয়ারের একেবারে চূড়ায় উঠে আলামিন এই দুটি পতাকা টাঙান। আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার ঠিক ওপরে তিনি বাংলাদেশের পতাকাও টাঙিয়ে দেন।
এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিটি ছড়িয়ে পড়লে দ্রুতই ভাইরাল হয়ে যায়।
Advertisement
ভিডিওতে দেখা যায়, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তিনি বাঁশ এবং পতাকা নিয়ে টাওয়ারের চূড়ায় উঠে যান। সেখানে উঠে আর্জেন্টিনা পতাকা এবং তার উপরে বাংলাদেশের পতাকা টাঙান।
আলামিন জানান, আমার ভালোবাসার দল আর্জেন্টিনা, এজন্য এই ঝুঁকি নিয়েছি। তবে নিজের দেশের পতাকাকে সর্বোচ্চ সম্মান জানাতে আর্জেন্টিনার পতাকার ওপরে বাংলাদেশের পতাকা রাখা হয়েছে।
স্থানীয় হরিনাডাঙ্গা গ্রামের আরেকজন ভক্ত মিজান বলেন, প্রিয় দল আর্জেন্টিনা এবং লিওনেল মেসি ও ডি মারিয়ার প্রতি ভালোবাসা থেকেই আলামিনকে ওই টাওয়ারে পতাকা টাঙানোর অনুরোধ করা হয়েছে। দলের প্রতি আমাদের ভালোবাসা যেমন, তেমনি সাহসিকতারও পরিচয় আমরা দিয়েছি।
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের বিপজ্জনক কাজ থেকে বিরত থাকার জন্য ফুটবলপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
Advertisement
মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর/এএসএম