মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় তিনটি প্রতিষ্ঠানের ১২টি অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।
Advertisement
বুধবার (১৭ জুন) উপজেলার ইসলামপুর, সৈয়দপুর, নয়ানগর ও শিকারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন।
Advertisement
অভিযানকালে সিটি স্কয়ার হোমটাউন, স্বপ্নছায়া এবং কিং ইকো রিসোর্ট নামীয় তিনটি অনুমোদনবিহীন আবাসন প্রতিষ্ঠানের মোট ১২টি সাইনবোর্ড অপসারণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব প্রকল্পের প্রয়োজনীয় সরকারি অনুমোদন না থাকায় জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষার লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ জানান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশে অনুমোদনহীন অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযান চালানো হয়। জনস্বার্থে ও কৃষি জমি রক্ষায় এবং সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শুভ ঘোষ/এনএইচআর/এএসএম
Advertisement