অর্থনীতি

সিডিএর অতীত গৌরব ফিরিয়ে আনার আহ্বান চট্টগ্রামের এমপিদের

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) অতীতের সুনাম ও কার্যকারিতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে উন্নয়ন পরিকল্পনার কঠোর বাস্তবায়ন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

Advertisement

শনিবার (২০ জুন) সিডিএ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব কথা বলেন সংসদ সদস্যরা। সভায় সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

সভায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১২ আসনের এনামুল হক, চট্টগ্রাম-১৫ আসনের মাওলানা শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম-২ আসনের সরওয়ার আলমগীর এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাকিলা ফারজানা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সিডিএ আইন যথাযথভাবে প্রয়োগ করলে অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশ ধ্বংস ও অবৈধ দখল অনেকাংশে রোধ করা সম্ভব। পরিকল্পিত, টেকসই ও দুর্যোগসহনশীল নগর গঠনে সিডিএকে নেতৃত্ব দিতে হবে।

Advertisement

এমপি এরশাদ উল্লাহ বলেন, সিডিএর অতীতের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। অতীতে সংস্থাটি নানা বিতর্ক ও দুর্নীতির অভিযোগে সমালোচিত হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না ঘটে, সেদিকে গুরুত্ব দিতে হবে।

এনামুল হক বলেন, সিডিএ কঠোরভাবে আইন প্রয়োগ করলে অনুমোদনের বাইরে ভবন নির্মাণের সুযোগ থাকবে না। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

আবু সুফিয়ান বলেন, নগরের উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও আইন সংস্কারের বিষয়ে তারা জাতীয় সংসদে ভূমিকা রাখবেন। তবে নগর পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব সিডিএকেই নিতে হবে।

সাঈদ আল নোমান সমন্বয়ের অভাবকে নগর পরিকল্পনা বাস্তবায়নের প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ক্ষমতাবান ব্যক্তিদের চাপ উপেক্ষা করে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।

Advertisement

সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, অতীতে অনেক আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে ভবন নির্মিত হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে কিছু এলাকায় আইন না মানার সংস্কৃতি তৈরি হয়েছে।

সিডিএ চেয়ারম্যান বলেন, সরকার আইন প্রয়োগে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নিয়মবহির্ভূত কোনো স্থাপনা হলে তা কারও পরিচয় বিবেচনা না করেই আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, একটি ভবনের নকশা অনুমোদনের জন্য মানুষকে দীর্ঘদিন ঘুরতে হয় এমন অভিযোগ রয়েছে। জনবান্ধব প্রতিষ্ঠান গড়তে এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি বা অসহযোগিতার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভা শেষে চেয়ারম্যান জানান, সংসদ সদস্যদের পরামর্শের ভিত্তিতে নগর উন্নয়নের জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। পরিকল্পিত, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে সিডিএ কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমআরএএইচ/এমএএইচ