বিনোদন

৫ জুলাই আসলেই কি বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান?

বলিউডে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আমির খান। সম্প্রতি অভিনেতার তৃতীয় বিয়ের গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতা।

Advertisement

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৫ জুলাই ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সারতে পারেন আমির ও গৌরী। জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন নয়, বরং পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই হবে অনুষ্ঠান।

এ বিষয়ে এর আগে আমির খান জানিয়েছিলেন, তিনি এবং গৌরী দুজনেই সাদামাটা জীবনযাপন পছন্দ করেন। তাই বিয়ের আয়োজনও যতটা সম্ভব অনাড়ম্বর রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

কয়েক মাস আগে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। সে সময় অভিনেতা বলেছিলেন, কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর তিনি আর কখনো বিয়ে করবেন বলে ভাবেননি। তবে গৌরীর সঙ্গে পরিচয়ের পর তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

Advertisement

সম্প্রতি ‘লগান’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমিরের জীবনের গুরুত্বপূর্ণ তিন নারী-প্রথম স্ত্রী রিনা দত্ত, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং বর্তমান সঙ্গী গৌরী স্প্র্যাটকে একসঙ্গে দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

শুধু তাই নয়, কিরণ রাও ও তার সন্তানকে গৌরীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সময় কাটাতেও দেখা গেছে। আমিরের বর্তমান ও সাবেক পরিবারের সদস্যদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অনেকের প্রশংসা কুড়িয়েছে।

ব্যক্তিগত জীবনে আমির প্রথম বিয়ে করেন ১৯৮৬ সালে। শৈশবের প্রেমিকা রিনা দত্তকে পরিবারের অমতে বিয়ে করেছিলেন তিনি। তবে দীর্ঘ দাম্পত্যের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। রিনা ছিলেন আমির অভিনীত আলোচিত সিনেমা ‘লগান’র প্রযোজক।

আরও পড়ুন:সোহমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কেন? ফিলিস্তিনিদের উৎসর্গ করে গাইলেন পিংক ফ্লয়েডের গায়ক রজার ওয়াটার্স 

Advertisement

পরে ‘লগান’ সিনেমার সেটেই কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় হয় আমিরের। সহকারী পরিচালক হিসেবে কাজ করা কিরণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০০৫ সালে তারা বিয়ে করেন। প্রায় ১৫ বছর সংসার করার পর ২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি।

এবার গৌরী স্প্র্যাটকে জীবনের নতুন সঙ্গী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আমির খান।

এমএমএফ