জাতীয়

সীতাকুণ্ডে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যার ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। রোববার (২১ জুন) র‌্যাব-৭ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

Advertisement

এর আগে শনিবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকার পথরীঘোনা থেকে মো. ইমরান (২৫) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতার ইমরান পথরীঘোনা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আজাহার।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া আলোচিত র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. ইমরান জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৭ এর একটি দল সলিমপুরের পথরীঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Advertisement

আরও পড়ুন জঙ্গল সলিমপুরে হামলা / প্রথমে অস্ত্র ছিনিয়ে র‌্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস