চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্যপদের প্রার্থিতার মনোনয়নপত্র বাতিলের বৈধতা প্রশ্নে রুল শুনানির জন্য আগামী বুধবার (২৪ জুন) দিন ঠিক করেছেন হাইকোর্ট।
Advertisement
রোববার (২১ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির এই দিন ঠিক করেন।
আদালতে এদিন রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী মো.আনোয়ার হোসেন।
এ বিষয়ে আইনজীবী আহসানুল করিম বলেন, হাইকোর্ট রুল শুনানির জন্য বুধবার (২৪ জুন) দিন ধার্য করেছেন।
Advertisement
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় গত ১২ ফেব্রুয়ারি। চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর অংশ নেন। তবে নির্বাচনে তার ফলাফল প্রকাশ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্থগিত রয়েছে।
নির্বাচন কমিশনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল হয়। এ নিয়ে নির্বাচনের আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীর। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে এবং বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।
আরও পড়ুন চট্টগ্রাম-২: সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে রুল নিষ্পত্তির নির্দেশতবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন একই আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। ঋণখেলাপির অভিযোগ এনে তিনি এ আবেদন করেন। লিভ টু আপিল মঞ্জুরের পর গত ৩১ মার্চ নিয়মিত আপিল করেন ওই প্রার্থী।
জামায়াতের ওই প্রার্থীর করা লিভ টু আপিল মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেওয়া আদেশে বলা হয়, যদি তিনি (সারোয়ার আলমগীর) নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ (যতটুকু প্রার্থী হিসেবে তাদের জন্য প্রযোজ্য) এ–সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
Advertisement
জামায়াতের ওই প্রার্থীর করা আপিলের ওপর শুনানি শেষে ১৬ জুন আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি করে দেওয়া আদেশে আপিল বিভাগ দ্রুত সম্ভাব্য দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেন। রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেওয়া আদেশ চলমান থাকবে বলে উল্লেখ করা হয়। অর্থাৎ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীর নির্বাচনে প্রার্থী হিসেবে ফলাফল প্রকাশ (যতটুকু প্রার্থী হিসেবে তাদের জন্য প্রযোজ্য) স্থগিত থাকবে।
এরপর সারোয়ার আলমগীর করা রিটটি চূড়ান্ত শুনানির (রুল শুনানি) জন্য হাইকোর্টের ওই বেঞ্চের আজকের কার্যতালিকায় কজলিস্টে ওঠে। তারই ধারাবাহিকতায় সেটি শুনানির দিন ঠিক করেন হাইকোর্ট।
এফএইচ/এমআইএইচএস