প্রতারণার একাধিক অভিযোগে গ্রেফতার হওয়া বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নিজের নাম জড়িয়ে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।
Advertisement
শনিবার (২১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ববি বলেন, ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনে তাকে ‘কথিত স্ত্রী’ কিংবা ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, “শনিবার বিকেল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশকিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করেছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে ‘কোথাও কথিত স্ত্রী’, ‘কোথাও স্ত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।”
এ ধরনের সংবাদ প্রকাশের পেছনে উদ্দেশ্যপ্রণোদিত মহলের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করেন ববি। তার ভাষ্য, ভিউ বাড়ানো এবং তাকে হেয়প্রতিপন্ন করতেই এসব তথ্য ছড়ানো হচ্ছে।
Advertisement
গণমাধ্যমের প্রতি আস্থা রেখে অভিনেত্রী আরও বলেন, ‘মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে।’
একই সঙ্গে যারা তার সম্পর্কে ভুয়া তথ্য প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। ববি বলেন, ‘আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামে পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।’
এর আগে শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল-আমিন হোসাইন জানান, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর গুলশান থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এরপর একাধিকবার গ্রেফতারের চেষ্টা চালানো হলেও তিনি আত্মগোপনে ছিলেন।
Advertisement
আরও পড়ুন:সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয় দুই দিনব্যাপী সংগীত উৎসবে মাতবে শিল্পকলা
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গুলশান-১ এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় গ্রেফতার এড়াতে আবুল বাশার বাসার ভেতরে সুড়ঙ্গসদৃশ একটি গোপন স্থানে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ১৮ ঘণ্টার অভিযান শেষে শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ইয়ামিন হক ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে চলতি বছরের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তছনছ’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মুন্না খান।
এমএমএফ