জাতীয়

চট্টগ্রামে চুরির দায়ে যুবককে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন এলাকায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মরদেহ উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।

Advertisement

রোববার (২১ জুন) দুপুরে রেলওয়ে পাবলিক হাই স্কুলের গেটের ভেতর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করার পর তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হলে তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়ি অবরোধ করে রাখে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement

কোতোয়ালী থানার ডিউটি কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এমআরএএইচ/এএমএ

Advertisement