দেশজুড়ে

ছাত্রাবাসে শিক্ষার্থী হত্যা, ৫ দিন পরও গ্রেফতার হয়নি কেউ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাসে শিক্ষার্থী মেহেদী হাসানকে (১৪) হত্যার অভিযোগে মামলার পাঁচদিন পরও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Advertisement

এ ঘটনায় রোববার (২১ জুন) দুপুরে রামগঞ্জে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে অন্তত ২ ঘণ্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী। এর আগে দুইদিন থানা ঘেরাও করেন তারা। মামলার ৫ দিন পার হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এদিকে অবরোধের কারণে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ ও রামগঞ্জ-চাটখিল সড়কে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

বিক্ষোভকারীদের ভাষ্যমতে, মেহেদির মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Advertisement

পুলিশ জানায়, ১৬ জুন বিকেলে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির ছাত্র মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার পিঠ ও গলায় আঘাতের চিহ্ন ছিল। ওইদিন বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ কয়েকটি কক্ষ ভাঙচুর চালায়। ১৮ জুন নিহতের বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান ও সাতজন শিক্ষার্থীর নাম উল্লেখ করে মামলা করেন। এতে অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ রয়েছে, একটি আইফোন চুরিকে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষার্থীদের মারধরের ঘটনায় মেহেদির মৃত্যু হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

কাজল কায়েস/এএইচ/এমএস

Advertisement