ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে করা মামলায় গ্রেফতার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
রোববার (২১ জুন) দুপুর সোয়া ২টার দিকে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, গত ১১ জুন শিবির নেতা জিসান আহমেদ প্রধান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। ওইদিন রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
Advertisement
একই দিন রাতে দাউদকান্দি থানায় ২৫ বছর বয়সী এক বিধবা নারী তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ জিসানকে গ্রেফতার দেখিয়ে ১৬ জুন বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা আদালতে হাজির করে। পরে বিচারক তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী বলেন, শিবির নেতা জিসান মিয়ার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের শামছুল আলম শাহ। পরে আদালতের বিচারক তৈয়ব উদ্দিন দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তকারী কর্মকর্তা শামছুল আলম শাহ বলেন, আশা করছি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।
জিসান মিয়া ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।
Advertisement
জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস