বিনোদন

আর্জেন্টিনা-ব্রাজিল লড়াইয়ে জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’, দর্শকের জন্যও সুযোগ

ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের উত্তেজনা এবার দেখা যাবে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে। সিরিজটির পঞ্চম সিজনের ১৩তম পর্বে দর্শকদের জন্য থাকছে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের জমজমাট লড়াই।

Advertisement

বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা VS ব্রাজিল। Bachelor Point Season 5 | Chapter 13। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।’

শুধু পর্ব প্রচারই নয়, দর্শকদের জন্য বিশেষ আয়োজনও ঘোষণা করেছেন এই নির্মাতা। তিনি জানান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ আগাম বুকিং (প্রি-বুক) করলে ১০০ জন দর্শক কাবিলা, নেহাল ও অন্যান্য চরিত্রদের নিয়ে আয়োজিত বিশেষ খেলা সরাসরি দেখার সুযোগ পাবেন।

Advertisement

ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের দ্বৈরথকে কেন্দ্র করে নতুন পর্বটি নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র কাবিলা, নেহালদের উপস্থিতিতে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্ব কীভাবে উপস্থাপন করা হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

 

এলআইএ

Advertisement