খেলাধুলা

সৌদির বিপক্ষে স্পেনের বার্সা তারকার প্রত্যাবর্তন

বিশ্বকাপের মঞ্চে স্পেনের সবচেয়ে বড় অস্ত্রকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। চোটের কারণে প্রথম ম্যাচে পুরোপুরি ছন্দে ফিরতে না পারা লামিনে ইয়ামাল এবার সৌদি আরবের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই মাঠে নামার জন্য প্রস্তুত বলে জানিয়েছে স্প্যানিশ শিবির।

Advertisement

কোচ লুইস দে লা ফুয়েন্তে শুরু থেকেই ইয়ামালকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। বিশ্বকাপ শুরুর আগে হ্যামস্ট্রিং সমস্যায় ভোগায় তরুণ এই তারকাকে ধীরে ধীরে ফিরিয়েছে স্পেনের মেডিকেল টিম। প্রথম ম্যাচে তাকে বেঞ্চে রাখা হয়েছিল মূলত সতর্কতার কারণে, যদিও দ্বিতীয়ার্ধে প্রয়োজন অনুযায়ী মাঠে নামানো হয়।

মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল স্পেনের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। তার ডান প্রান্তের গতি, ড্রিবলিং এবং একের পর এক ডিফেন্ডারকে চাপে ফেলার ক্ষমতা স্পেনের আক্রমণে আলাদা মাত্রা যোগ করে।

কোচ দে লা ফুয়েন্তেও ইয়ামালের প্রতিভার প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, বয়স কম হলেও মাঠে ইয়ামালের পরিপক্বতা অসাধারণ এবং তাকে সঠিকভাবে পরিচালনা করা জরুরি।

Advertisement

প্রথম ম্যাচে ইয়ামালকে শুরু না করানোর সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তবে স্পেনের টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল বড় টুর্নামেন্টে দীর্ঘ পথ পাড়ি দিতে তার ফিটনেস ধরে রাখা। চোট থেকে ফিরে আসা একজন খেলোয়াড়কে শুরুতেই ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নেয়নি তারা।

এবার পরিস্থিতি ভিন্ন। অনুশীলনে ইয়ামালের উন্নতি দেখে কোচিং স্টাফ আশাবাদী যে, তিনি সৌদি আরবের বিপক্ষে বড় ভূমিকা রাখতে পারবেন। তবে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী তার খেলার সময়ও নজরে রাখা হবে।

ইউরো ২০২৪ জয়ের পথে ইয়ামাল ছিলেন স্পেনের অন্যতম বড় চমক। এবার বিশ্বকাপেও তার ওপর অনেক প্রত্যাশা। বিশেষ করে স্পেনের উইং প্লে-তে তার উপস্থিতি প্রতিপক্ষের রক্ষণ ভাঙার অন্যতম প্রধান অস্ত্র।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচে স্পেনের লক্ষ্য শুধু জয় নয়, নিজেদের আক্রমণভাগের ধারও ফিরিয়ে আনা। আর সেই পরিকল্পনার কেন্দ্রে থাকছেন লামিন ইয়ামাল- যাকে ঘিরে স্পেন দেখছে ভবিষ্যতের এক বিশ্বসেরা তারকার প্রতিচ্ছবি। বিশ্বকাপে বড় মঞ্চে তার গল্প এখনো শুরু মাত্র। কিন্তু চোটের অন্ধকার পেরিয়ে ইয়ামালের প্রত্যাবর্তন স্প্যানিশ সমর্থকদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।

Advertisement

আইএইচএস/