জাতীয়

কার্যকর বাজেট বাস্তবায়নের বিকল্প নেই: আইআইইউসি উপাচার্য

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য কার্যকর বাজেট বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী।

Advertisement

রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত জাতীয় বাজেট ২০২৬-২৭ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মোহাম্মদ আলী আজাদী বলেন, জাতীয় বাজেট বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন, কর্মসংস্থান এবং মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য কার্যকর বাজেট বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশের উচ্চশিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো সরকারি সহায়তা দেওয়া উচিত।

Advertisement

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাসমত আলী এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।

আলোচক হিসেবে বক্তব্য দেন পদ্মা অয়েল পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অডিট) ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. শফিউল আজম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. নেজামুল হক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মোহাম্মদ রাকিবুল হাসান।

ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল্লাহিল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জাতীয় বাজেটের বিভিন্ন দিক, সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব এবং ব্যবসা-বাণিজ্যের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

Advertisement

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. বাশারাত হোসাইন। এতে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এসএইচএস