জাতীয়

কারিগরি শিক্ষার উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান

কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের উন্নয়নে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

Advertisement

রোববার (২১ জুন) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এক বৈঠকে এ বিষয়ে একমত হয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ও হাইকমিশনার উভয় দেশের শিক্ষার উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে। দক্ষতার উন্নয়নে কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

Advertisement

আরও পড়ুন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী পাকিস্তান

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, পাকিস্তান ও বাংলাদেশ—দুই দেশ শিক্ষার উন্নয়নে একত্রে কাজ করছে। বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে পাকিস্তানের সহযোগিতার সুযোগ রয়েছে।

এসময় হাইকমিশনার পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠক শেষে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য এক হাজার ফুটবল শিক্ষামন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ উপস্থিত ছিলেন।

Advertisement

এএএইচ/এমএমকে