খেলাধুলা

সূর্যবংশীর তাণ্ডব: ১১ বলে ফিফটি, ২৯ বলে ৮ ছক্কা ১০ বাউন্ডারি

বিশ্বকাপের ডামাডোলে অন্য খেলার খবর খুব একটা মিডিয়ায় আসছে না। কারণ, সারা বিশ্বের সব ক্রীড়াপ্রেমীই বুঁদ হয়ে রয়েছেন গোলাকার ফুটবলের জাদুর মোহে। সেখানে ক্রিকেটের অনেক বড় কোনো সিরিজ বা টুর্নামেন্টও তেমন আকর্ষণ তৈরি করতে পারছে না।

Advertisement

এরই মধ্যে দু’একটি খবর সব ছাপিয়ে যায়। এই যেমন ভারতের ১৫ বছর বয়সী কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। ৭২টি ছক্কা মেরে আইপিএলের সর্বশেষ আসর মাতানো সূর্যবংশী ভারতের ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় গেলেন ত্রিদেশীয় সিরিজ খেলতে। ডাম্বুলায় আজ ছিল সিরিজের ফাইনাল। মুখোমুখি শ্রীলঙ্কা ‘এ’ দলের। লিস্ট ‘এ’ তথা ওয়ানডে ফরম্যাটের এই ম্যাচে মাঠে নেমেই রীতিমত তাণ্ডব চালালেন এই কিশোর ব্যাটার।

রাংগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্যাট করতে নেমে বৈভব প্রথম ১১ বলের ১০টিকেই পাঠালেন বাউন্ডারির বাইরে। স্থানীয় দর্শকরা হয়তো ভেবেছিল, কোনো ম্যাচের হাইলাইটস বুঝি তারা সরাসরি দেখছে।

১১ বলে সমান ৫টি করে বাউন্ডারি ও ছক্কার মারে হাফ সেঞ্চুরি করলেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেট যা রীতিমত রেকর্ড। ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙেন তিনি। শ্রীলঙ্কারই কৌশল্য বীরারত্নের রেকর্ড ভাঙেন বৈভব। ২০০৫-০৬ মৌসুমে রাগামা ক্রিকেট ক্লাব বনাম কুরুনেগালা ইয়ুথ ক্রিকেট ক্লাবের ম্যাচে ১২ বলে অর্ধশতরান করেছিলেন বীরারত্নে।

Advertisement

এ তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেন শ্রীলঙ্কারই নারাঙ্গদা লিয়ানাড়াচ্ছিগে থিসারা চিরন্ত পেরেরা। তিনি ২০২০-২১ মৌসুমে শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাব বনাম ব্লমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের ম্যাচে ১৩ বলে ৫০ রান করেন।

বৈভব ১১ বলে অর্ধশতরানের ইনিংসের প্রতি বলে করেছে যথাক্রমে ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬, ৬ রান। অর্থাৎ ১১ বলের ১০টিতে মেরেছে পাঁচটি চার এবং পাঁচটি ছক্কা। বাঁ হাতি স্পিনার দুলাজ সমুদিতাকে ছক্কা মেরে নতুন রেকর্ড গড়ে বৈভব।

সেঞ্চুরির কাছাকাছিও পৌঁছে গিয়েছিল বৈভব। ২৯ বলে খেলেন ৯৪ রানের ইনিংস। এর মধ্যে বাউন্ডারির মার ছিল ১০টি, ছক্কা মেরেছেন ৮টি। অর্থ্যা, ৯৪ রানের মধ্যে ৮৮ রানই এসেছে তার বাউন্ডারি থেকে। অল্পের জন্য শতরান হাতছাড়া হলো। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে প্রিয়াংশ আর্যের সঙ্গে ৮.৫ ওভারে ১৩২ রান তোলে বৈভব।

বৈভবের ঝড়ের ওপর ভর করে ভারতীয় ‘এ’ দল সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রান। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ‘এ’ দল ৪৭.১ ওভারে অলআউট হয়ে যায় ৩১১ রানে। সূর্যবংশীরা জয় পায় ৬৬ রানে।

Advertisement

আইএইচএস/