আইন-আদালত

হত্যা মামলায় খায়রুল হকের জামিন আবেদন খারিজ

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে দায়ের হওয়া খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। ফলে আপাতত তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

Advertisement

রোববার (২১ জুন) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সালেকীন হাবিব বাপ্পি এ আদেশ দেন।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করায় খায়রুল হক আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানান তার আইনজীবী মোনায়েন নবী শাহীন।

আরও পড়ুন যাত্রাবাড়ীর হত্যা মামলায় বিচারপতি খায়রুল হককে গ্রেফতার দেখানোর নির্দেশ

আদালত সূত্র জানায়, এ মামলায় গত ২৩ মে খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে রোববার শুনানি অনুষ্ঠিত হয়।

Advertisement

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ২০ বছর বয়সী খোবাইব। সেদিন সকালে যাত্রাবাড়ী ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি চলাকালে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে খোবাইব গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে গত বছরের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৮০ জনকে আসামি করা হয়।

রোববারের শুনানিতে খায়রুল হকের পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী মোনায়েন নবী শাহীন। তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করে দেন।

এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

Advertisement

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন গত ২০ মে বহাল রাখে আপিল বিভাগের চেম্বার আদালত। এছাড়া আরও পাঁচটি মামলায় তার জামিন বহাল রয়েছে। তবে নতুন এ মামলায় জামিন না পাওয়ায় তিনি কারাগারেই থাকছেন।

এমডিএএ/এসএইচএস