রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নারী শিক্ষার্থীদের একমাত্র আবাসিক হল ‘শহীদ ফেলানী হল’-এর প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানার পদত্যাগ দাবিতে মধ্যরাতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
Advertisement
রোববার (২২ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে হলের নানা অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে কয়েক শ নারী শিক্ষার্থী একযোগে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে ২৪ ঘণ্টা হলে অবস্থান করতে পারবেন এমন নতুন প্রভোস্ট নিয়োগের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, হলের ডাইনিং বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। প্রভোস্টের জন্য কোয়ার্টার বরাদ্দ করা হলেও তিনি হলেই আসেন না এবং শিক্ষার্থীদের কোনো সমস্যা বা অভিযোগ শোনেন না। মিলের নিম্নমানের খাবার বা ডাইনিং বন্ধের বিষয়ে কথা বলতে গেলে তিনি শিক্ষার্থীদের শুধু চিড়া-মুড়ি খেয়ে থাকতে বলেন।
Advertisement
শিক্ষার্থীরা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো সমস্যা নিয়ে প্রভোস্টের কাছে যোগাযোগ করা হলে তিনি বলেন অফিসে যোগাযোগ করো, অফিসে যোগাযোগ করা হলে তারা বলেন ডাইনিংয়ে যোগাযোগ করো, সেখানেও যোগাযোগ করা হলে তারা বলেন প্রভোস্টের সাথে যোগাযোগ করো। এক টেবিল থেকে অন্য টেবিলে আমাদের ঘোরানো হয়। তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা যাব কার কাছে?
তারা আরও অভিযোগ করেন, প্রভোস্ট তার মন মতো নোটিশ দিয়ে দায় সারেন। পাঁচতলা একটি হলের রিডিংরুমে পড়াশোনার ন্যূনতম উপযুক্ত পরিবেশ নেই, পুরো রিডিং রুমে মাত্র ৩টি বেঞ্চ। এছাড়া বিদ্যুৎ ও পানি সার্ভিসের কোনো সমস্যা হলে দিনের পর দিন তা সমাধান করা হয় না।
মধ্যরাতে ছাত্রীদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফেরদৌস রহমান। উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মেয়েদের হলের ডাইনিং ও অবকাঠামোগত কিছু সমস্যা আছে, যা যৌক্তিক। আমরা আগামীকাল প্রশাসনিকভাবে হলটি পরিদর্শন করব এবং তৎক্ষণাৎ যেগুলো সমাধান করা যায়, তার ব্যবস্থা নেব। আরেকটি বিষয়—হিটার এবং ডাইনিং একসঙ্গে চলতে পারবে না। কারণ ছাত্রীরা হিটার চালালে ডাইনিংয়ের কর্মচারীরা মিল চালাতে চায় না। আমরা এই বিষয়টির স্থায়ী সমাধান করব।
প্রভোস্টের হলে না থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ২৪ ঘণ্টা হলের ও শিক্ষার্থীদের পাশে থাকবেন, এমন একজন নতুন প্রভোস্ট আমরা খুঁজছি। আশা করি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।
Advertisement
এ ছাড়া রিডিং রুমের সংকটের বিষয়ে তিনি জানান, আগামীকালই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার নিয়ে হল পরিদর্শন করে দ্রুত বেঞ্চ ও পড়াশোনার পরিবেশ উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হবে।
আজিজুর রহমান/কেএইচকে