মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণমূলক বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গণশুনানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
রোববার (২১ জুন) বেলা ১১টা ১৫ মিনিটে হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত মনোযোগ সহকারে শোনেন।
সভায় মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার সভাপতি এবং দলের কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, কর্মসংস্থান, বৈধ অভিবাসন, শ্রমিকদের অধিকার, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
Advertisement
অংশগ্রহণকারীরা প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এসব সমস্যার কার্যকর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ হাইকমিশনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের গণশুনানি ও মতবিনিময় সভা আয়োজনের আহ্বান জানান।
এমআরএম
Advertisement