দেশজুড়ে

আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকার রঙের লুঙ্গি বিক্রির ধুম

বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশে শুরু হয় অন্যরকম এক উন্মাদনা। প্রিয় দলের পতাকা টাঙানো, জার্সি কেনা কিংবা বড় আকৃতির পতাকা তৈরির প্রতিযোগিতায় মেতে ওঠেন ফুটবলপ্রেমীরা। তবে এবার সেই উন্মাদনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। ফেনীতে সমর্থকেরা প্রিয় দলের পতাকার রঙের থিম কেক কাটছেন, আর বাজারে বাড়ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙে তৈরি বিশেষ লুঙ্গির চাহিদা।

Advertisement

ফেনী শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় প্রিয় দলের জার্সি কেনা, বাড়ির ছাদে কিংবা গাছে পতাকা ওড়ানোর প্রতিযোগিতা চলছে। এছাড়া এবার ফেনীর ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা গেছে এক অভিনব ও ব্যতিক্রমী ক্রেজ। জার্সি-পতাকার গণ্ডি পেরিয়ে এবার ফেনীর বাজারে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙে তৈরি বিশেষ লুঙ্গি বিক্রির ধুম পড়েছে।

ফেনী শহরের বড় বাজারের বিভিন্ন বিপণিবিতান ও কাপড়ের দোকান ঘুরে দেখা গেছে, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ব্যবসায়ীরা থরে থরে সাজিয়ে রেখেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙের শতভাগ সুতি লুঙ্গি। আর্জেন্টিনার আকাশি-সাদা আর ব্রাজিলের সবুজ-হলুদ রঙের এই লুঙ্গিগুলো লুফে নিচ্ছেন সব বয়সী মানুষ।

ফেনী বড় বাজারের ভগবতী বস্ত্রালয়ের মালিক মিম্মণ বণিক জানান, বাঙালির অত্যন্ত আরামদায়ক ও চিরচেনা পোশাক লুঙ্গিতে এই ফুটবল থিম যোগ হওয়ায় বিক্রিতে অভূতপূর্ব সাড়া মিলছে। বিশেষ করে তরুণ ও মধ্যবয়সী ফুটবলপ্রেমীদের মধ্যে এই লুঙ্গি কেনার দারুণ হিড়িক দেখা যাচ্ছে। অনেকে দল বেঁধে এক রঙের লুঙ্গি কিনে ছবি তুলছেন এবং প্রিয় দলের খেলার দিন তা পরে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement

কাপড় ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, আমরা সাধারণত বিভিন্ন ডিজাইনের চেক বা একরঙা লুঙ্গি বিক্রি করি। কিন্তু এবার বিশ্বকাপের কথা মাথায় রেখে পাইকারি বাজার থেকে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার থিমের লুঙ্গি এনেছিলাম। দোকানে তোলার পর থেকেই বিক্রি আশাতীত। এখানেও সমর্থকরা কেউ কারও থেকে পিছিয়ে নেই; এক পক্ষ আর্জেন্টিনার আকাশি-সাদা কিনলে অন্য পক্ষ এসে ব্রাজিলের সবুজ-হলুদ লুঙ্গি খুঁজছেন।

লুঙ্গি কিনতে আসা কলেজ পড়ুয়া ফুটবল ভক্ত ফারহান মাহাতাব জানান, জার্সি তো সবাই পরে, এবার ভিন্ন কিছু করার জন্য আমরা বন্ধুরা মিলে প্রিয় দলের রঙের লুঙ্গি কিনেছি। খেলার দিন সবাই একসঙ্গে এই লুঙ্গি পরে খেলা দেখার একটা আলাদা আনন্দ আছে। এটা আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে ফুটবল প্রেমের এক দারুণ মেলবন্ধন।

ব্যবসায়ীরা জানান, সাধারণ ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে এসব থিম লুঙ্গির দামও রাখা হচ্ছে বেশ সাশ্রয়ী। কাপড়ের মান ও সুতার ওপর ভিত্তি করে প্রতিটি লুঙ্গি ৪৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

এদিকে ফেনী শহরের বিভিন্ন বেকারি ঘুরে দেখা গেছে, ফিফা বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের পতাকার আদলে তৈরি করা হচ্ছে কাস্টমাইজড থিম কেক। পাশাপাশি ফুটবলপ্রেমীদের চাহিদা অনুযায়ী প্রিয় দলের জার্সি কিংবা পছন্দের খেলোয়াড়ের ছবি দিয়েও সাজানো হচ্ছে বিশেষ কেক।

Advertisement

শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ঐতিহ্যবাহী ‘দিলদার ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’ এই ট্রেন্ডে বেশ এগিয়ে রয়েছে। তারা অগ্রিম বুকিং নেওয়ার পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্য প্রতিদিন দোকানেও এসব থিম কেক সাজিয়ে রাখছে। ইতোমধ্যে তাদের তৈরি ২২টিরও বেশি বিশেষ কেক বিক্রি হয়ে গেছে।

দিলদার ব্রেডের ম্যানেজার মো. মোশারফ হোসেন জানান, এ বছর বিশ্বকাপ উপলক্ষে ফুটবল থিম কেকের প্রচলন শুরু করার পর থেকেই দারুণ সাড়া মিলছে। তবে বরাবরের মতোই ব্রাজিল ও আর্জেন্টিনার কেকের চাহিদাই সবচেয়ে বেশি।

দিলদার ব্রেডের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম মাহমুদ জানান, ক্রেতাদের সাড়ার কথা মাথায় রেখে ২ পাউন্ড কেক ৬০০ টাকা এবং ৩ পাউন্ড কেক ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এখানেও ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এক ধরনের নীরব প্রতিযোগিতা দেখছি। বিশ্বকাপে যতদিন এই দুই দল টিকে থাকবে, ততদিন পতাকার রঙের কেকের এই কদর বজায় থাকবে।

পিছিয়ে নেই ‘ফেনী বেকারস’ এবং ‘সুইট বাস্কেট’ । ফেনী বেকারস ক্রেতাদের চাহিদামতো জার্সি ও থিমের কাস্টমাইজড কেক বানিয়ে ফেনী সদর এলাকায় হোম ডেলিভারি সুবিধা দিচ্ছে। অন্যদিকে সুইট বাস্কেটে মিলছে তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত দৃষ্টিনন্দন কেক।

স্থানীয় কয়েকজন ফুটবলপ্রেমীরা জানান, প্রিয় দলের খেলার দিন উদযাপন করতে কিংবা এই ফুটবল মৌসুমের মধ্যে প্রিয়জনের জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখতেই তারা এই পতাকার রঙের কেকগুলো কিনচ্ছেন। মাঠে প্রিয় দলের জয়ের লড়াই যেমনই হোক, কেক কাটার এই মিষ্টি লড়াইয়ে ফেনীর ফুটবল ভক্তরা কিন্তু বেশ উপভোগ করছেন।

আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/জেআইএম