খেলাধুলা

বিশ্বকাপ দেখতে তারা আর্জেন্টিনা থেকে বাংলাদেশে এসেছেন!

তাদের দেশ ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। চলতি আসরেও তারা হট ফেভারিট। সেই আর্জেন্টিনা থেকেই বিশ্বকাপ দেখার জন্য বাংলাদেশে এসেছে একটি দল। গতকাল রোববার আর্জেন্টাইন লেখক ও কন্টেন্ট ক্রিয়েটর ড্যান ল্যান্ডে রুলো এবং তার দল ১০ দিনের সফরে ঢাকায় পৌঁছান। ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের আবেগ ও উচ্ছ্বাসকে কাছ থেকে দেখা এবং সেই অভিজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরতে চান তারা।

Advertisement

বিশ্বজুড়ে তৃণমূল পর্যায়ের মানবিক সংযোগ ও সাংস্কৃতিক গল্প তুলে ধরার জন্য পরিচিত রুলো ২০২২ সালের ফিফা বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে ব্যাপক পরিচিতি পান। সে সময় তিনি আর্জেন্টিনায় একটি বড় ডিজিটাল উদ্যোগ নেন, যেখানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে সমর্থন জানানো হয়। এই উদ্যোগ দুই দেশের মধ্যে ক্রীড়াভিত্তিক বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধন তৈরি করে।

রুলোর সঙ্গে সফরে রয়েছেন আরও কয়েকজন সৃজনশীল পেশাজীবী—ম্যানুয়েল জাভিয়ের এজকেরা রামন, মার্টিন দে এসকালাদা, মার্টিনা জয় গন্ডেল এবং সান্তিয়াগো কন্দে। এই সফরকে আর্জেন্টিনার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি কয়েক প্রজন্ম ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা, আবেগ ও অবিচল সমর্থনের স্বীকৃতি।

সফরকালে দলটি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ফুটবলপ্রেমীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবে এবং ম্যাচের দিনগুলোতে পতাকায় সজ্জিত নগরজীবনের উচ্ছ্বাস কাছ থেকে পর্যবেক্ষণ করবে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি ও হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে আয়োজিত প্রাক-ম্যাচ উৎসব ও বড় সমাবেশে অংশ নেবে। পাশাপাশি আমিনবাজারের গ্রামীণ ফুটবল উন্মাদনাও উপভোগ করবে। এছাড়া ২৪ জুন মুন্সীগঞ্জে স্থানীয় সমর্থকদের সঙ্গে লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উদযাপনেও অংশ নেওয়ার কথা রয়েছে।

Advertisement

রুলো এবং তার দল ২২ ও ২৮ জুন ম্যাচের দিনগুলোতে হাজারো সমর্থকের সঙ্গে বড় পর্দায় খেলা দেখবেন এবং একসঙ্গে সেই আবেগঘন মুহূর্তগুলো ভাগ করে নেবেন।

এই উদ্যোগটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস এবং বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড। আয়োজনের মূল উদ্দেশ্য দুই দেশের মানুষের মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করা।

আরএএইচইউএল/এসকেডি/এএসএম

Advertisement