গাইবান্ধায় সাঘাটায় হামলায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারীর দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
Advertisement
সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়া সরকারি কাজি আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান।
জানাজায় অংশ নেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা জামায়াতের আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, গাইবান্ধা-৩ (সাদুল্ল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভী, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল প্রমুখ।
রোববার (২১ জুন) বিকেলে প্রকাশ্যে ছুরিকাঘাতে সাইফুল্লাহ বারীকে হত্যা করা হয়। সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথায় যুবদলের বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল ও তার সঙ্গীরা এ হামলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
Advertisement
এ ঘটনায় মোখলেছুর রহমান মুকুলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া রাতেই স্থানীয় জনতা তার বাড়িঘর পুড়িয়ে দেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফ আখন্দ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আনোয়ার আল শামীম/এসআর/এএসএম
Advertisement