আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ জুন ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

Advertisement

ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

ইরানের তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) এবং সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহের সুযোগ দেওয়া হবে।

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের মধ্যে গাড়িতে প্রাণ গেলো ২ শিশুর

Advertisement

ফ্রান্সজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই একটি গাড়ির ভেতর থেকে দুটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার (২২ জুন) এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই শিশুর বয়স যথাক্রমে দুই ও চার বছর।

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনৌয়ের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ

Advertisement

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পেশ করলো শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সোমবার (২২ জুন) বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৪ লাখ ৩৮ হাজার ৭৭৫.২৯ কোটি রুপির বাজেট ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মোট ঋণের পরিমাণ ৮ লাখ ১৫ হাজার ৮৯১ কোটি রুপি।

১৮ ঘণ্টার বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের আলোচকরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ১৮ ঘণ্টাব্যাপী নিবিড় আলোচনা শেষে ইরানের শীর্ষ আলোচক দল সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশে রওয়ানা হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই দীর্ঘ আলোচনায় ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ।

২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে, প্রয়োজন লাখ লাখ দক্ষ কর্মী

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরব। এই বিশ্বযজ্ঞকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশটিতে বিশাল উন্নয়নযজ্ঞে অংশ নিতে প্রয়োজন লাখ লাখ দক্ষ কর্মী। সেদিকে নজর রেখে এরই মধ্যে বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে পাকিস্তান।

সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে। সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ করায় এ সক্ষমতা অর্জন হতে যাচ্ছে। নতুন চারটি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হওয়ায় কনটেইনার পরিবহনের গতি ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দুই বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগ করলেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত!

ভারতের নাগপুরের ১৮ বছর বয়সী এক মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী নিট (NEET) পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতেই চক্ষু চড়কগাছ। প্রবেশপত্রে দেখা যায়, তার পরীক্ষার কেন্দ্র পড়েছে আড়াই হাজার কিলোমিটার দূরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে! অথচ পরীক্ষা দেওয়ার জন্য এই মুহূর্তে তরুণ শিক্ষার্থীর কাছে কোনো পাসপোর্টই নেই। এমন অদ্ভুত কাণ্ডে চরম বিপাকে পড়ে শিক্ষার্থীর পরিবার।

এসএএইচ